ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকাল প্রায় ৩টা ১০ মিনিটে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় এএসআই (নিঃ) উজ্জ্বল আকন্দ ও পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে উপজেলার জাজিসার পূর্বপাড়া এলাকা থেকে একটি অটোরিকশাসহ মো. শরীফ মিয়া (২৩) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শরীফ মিয়া জাজিসার স্কুলপাড়া এলাকার মৃত মাসুম মিয়ার ছেলে। অভিযানের সময় অটোরিকশায় থাকা আরও তিনজন মাদককারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত আসামি ও পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া মোট ৯৮ বোতল মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ভারতীয় মদ ৫৮ বোতল এবং বিয়ার ৪০ বোতল রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কসবা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন