মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত প্রসাধনীর আনুমানিক মূল্য ২,৫৯,২০০/- (দুই লক্ষ ঊনষাট হাজার দুইশত) টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (০৭ মার্চ ২০২৬ খ্রি.) রাতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই (নিরস্ত্র) এনামুল হক সাগর, এসআই মোঃ জুনেদ আহমদসহ পুলিশের একটি আভিযানিক দল কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকায় হোসাইন মনসুরী সুমনের বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি লোশন, বডি স্প্রে ও বিউটি ক্রিমসহ আনুমানিক ১,০৭,৯৩০/- টাকা মূল্যের ভেজাল প্রসাধনী জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো আমিরুল ইসলাম (৩৮), মোঃ সোহেল রানা (৩৯), মোঃ আরিফ (৪০), মিনারুল ইসলাম (৩৫), মোঃ বাবু মন্ডল (৪০) ও মোঃ রুহুল আমিন (৩৬)। তাদের সবার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কুলাউড়া পৌরসভার আহমদাবাদ নতুনপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১,৫১,২৭০/- টাকা মূল্যের ভেজাল প্রসাধনী জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব ভেজাল প্রসাধনী সংগ্রহ করে কুলাউড়ার বিভিন্ন দোকান ও গ্রামাঞ্চলে ফেরি করে বিক্রি করছিল।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন